ঈমান ছাড়া ইবাদতের মূল্য নেই
দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
ঈমান হলো ইসলামের মূল ভিত্তি। একজন মুসলমানের সকল ইবাদতের আসল মূল্য নির্ভর করে ঈমানের ওপর। নামাজ, রোজা, হজ্জ কিংবা যাকাত- যতই আদায় করা হোক না কেন, যদি অন্তরে প্রকৃত ঈমান না থাকে, তাহলে সেগুলো কেবল বাহ্যিক আমল হিসেবেই থেকে যায়। কারণ, ঈমান ছাড়া ইবাদতের মূল্য নেই।
সত্যিকারের বন্দেগি সেই ইবাদত, যা ঈমানের আলোয় আলোকিত। ঈমানই মানুষের আমলকে জীবন্ত করে তোলে এবং আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্যতার মর্যাদা প্রদান করে।
দয়াল বাবা জালালী মাওলা বলেন-
“ঈমান যদি নাই, নামাজ, রোজা, হজ্জ, যাকাতের কোনো দাম নাই।”
চলুন জেনে নিই, এই মহান শিক্ষাটি আমাদের কী বার্তা দেয়, কীভাবে এটি আমাদের ঈমানকে দৃঢ় করতে সাহায্য করে এবং প্রকৃত ঈমানের পরিচয় তুলে ধরে।
ঈমান ছাড়া ইবাদতের কোনো মূল্য নেই
দয়াল বাবা জালালী মাওলা বলেন-
“১ (এক) লিখলাম, পাশে একটি শূন্য দিলাম হলো ১০ (দশ)।
তার পাশে আরও একটি শূন্য দিলাম হলো ১০০ (একশত)।
তার পাশে একটি শূন্য দিলাম হলো ১০০০ (এক হাজার)।
তার পাশে একটি শূন্য দিলাম হলো ১০,০০০ (দশ হাজার)।
তার পাশে একটি শূন্য দিলাম হলো ১,০০,০০০ (এক লক্ষ)।
এভাবে বামে যদি ১ (এক) থাকে, তাহলে ডানে থাকা শূন্যের মান আছে।
কিন্তু বামের ১ (এক) যদি মুছে ফেলি, তাহলে ডানে যত শূন্যই থাকুক না কেন, সেই শূন্যগুলোর কোনো দাম নাই।
ঠিক তেমনি নামাজের দাম নেই, রোজার দাম নেই, হজ্জের দাম নেই, যাকাতের দাম নেই, দান-খয়রাতের দাম নেই।
ঈমান যদি নাই তবে বন্দেগির কোনো দাম নেই।
নামাজ-রোজার জান আমার দয়াল নবী ﷺ দোজাহান।
ঈমানের মূল আমার নবী মুহাম্মাদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।”
এই উদাহরণের মাধ্যমে দয়াল বাবা জালালী মাওলা অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়েছেন যে, ঈমান হলো সেই ‘এক’, যার কারণে সমস্ত আমলের মূল্য সৃষ্টি হয়। আর ঈমান চলে গেলে সকল আমল মূল্যহীন হয়ে পড়ে। তাই ঈমান ছাড়া ইবাদতের মূল্য নেই-এই সত্যটি প্রতিটি ঈমানদারের হৃদয়ে ধারণ করা প্রয়োজন।
পরিশেষে
দয়াল বাবা জালালী মাওলা বলেন-
“আমার নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, হলো ঈমান। আমরা তেনাকে গ্রহণ করার পরই মুমিন হয়েছি।
যতই নামাজ, রোজা, হজ্জ কিংবা যাকাত করা হোক, যদি হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা না থাকে, তবে এগুলোর ফলাফল শূন্য।”
এই শিক্ষার মূল বার্তা হলো- ঈমানই একজন ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ। আর ঈমানের কেন্দ্রবিন্দু হলো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি আন্তরিক বিশ্বাস, ভালোবাসা ও অনুসরণ। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজের ঈমানকে শক্তিশালী করা এবং এমন জীবন গঠন করা, যেখানে ঈমান ও আমল একসঙ্গে বিকশিত হয়।
আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ঈমানের ওপর অটল থাকার এবং সেই ঈমানের আলোয় জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।










