দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
মানুষের ধাতু হলো বীর্য, আর সেটিই মানুষ সৃষ্টির মূল উপাদান। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই ধাতু থেকেই মানুষকে পূর্ণাঙ্গ রূপে সৃষ্টি করেছেন।চোখ, মুখ, মস্তিষ্কসহ দেহ সাজিয়ে দিয়েছেন। এই ধাতুর ভেতরেই লুকিয়ে আছে জীবনের সূচনা, বংশধারার রহস্য এবং আল্লাহর অসীম কুদরতের নিদর্শন।
দয়াল বাবা জালালী মাওলা বলেন, ধাতুর মধ্যে লুকিয়ে আছে আল্লাহর সৃষ্টির বিশেষ রহস্য ও মহিমা। আর এই ধাতু মোট ৫ (পাঁচ) কিসিম, যাতে নিহিত আছে আল্লাহর অপার কুদরতের নিদর্শন। আসুন, আমরা এই ৫ (পাঁচ) কিসিম ধাতু সম্পর্কে বিস্তারিত জেনে, নিজের জ্ঞানকে বৃদ্ধি করি এবং আল্লাহর সৃষ্টির রহস্যকে আরও ভালোভাবে উপলব্ধি করি।
ধাতুর রহস্য
দয়াল বাবা জালালী মাওলা বলেন-
নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ধাতু মোবারক হলো- নূর।
আদম আলাইহিস সালামের ধাতু হলো- পবিত্র মাটি।
মা হওয়া আলাইহিস সালামের ধাতু হলো- আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়।
ঈসা আলাইহিস সালামের ধাতু হলো – জিব্রাইল আলাইহিস সালামের ফুঁ।
আর আমাদের ধাতু হলো – মনি বা বীর্য।
আমাদের বীর্য সম্পর্কে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন – এই বীর্য যদি কাপড়ে লাগে, কাপড়টি পুড়িয়ে ফেলো।
ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, কাপড়টা পোড়াতে হবে না।
কারণ, গরিব মানুষ আছে- কাপড় পুড়ে ফেললে তারা এত কাপড় পাবে কোথায়?
বিসমিল্লাহ বলে তিনবার কাপড় ধুয়ে নিলে কাপড়টি পবিত্র হবে।
সে কাপড় পরে নামাজ পড়া যাবে।
পরিশেষে
এই আলোচনা থেকে আমরা বুঝি-
আল্লাহ তাআলা মানুষকে তাঁর মহা কুদরতে সৃষ্টি করেছেন।
মানুষ কোনো সাধারণ সৃষ্টি নয়, কারণ মানুষের ধাতুর মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্যের শিক্ষা।
যেমন লোহার ভেতরে আগুন লুকিয়ে থাকে, তেমনি মানুষের অন্তরে লুকিয়ে আছে আল্লাহর নূর।
আর যে মানুষ নিজেকে সত্যিকার অর্থে চিনে নিতে পারে, সে-ই আসলে তার রবকে চিনে ফেলে।
এই উপলব্ধিই মানুষকে করে তোলে সত্যিকার মুমিন- যে জানে, তার অস্তিত্বই আল্লাহর কুদরতের জীবন্ত প্রমাণ।










