দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
মানবজাতির হেদায়াতের জন্য মহান আল্লাহ তা‘আলা নূর নবীজি সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লামকে অসংখ্য মুজিযা দান করেছেন। এসব মুজিযা কেবল অবিশ্বাসীদের জন্য প্রমাণ নয়, বরং মুমিনদের ঈমানকে আরও দৃঢ় করে। তেমনই এক হৃদয়স্পর্শী ও বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, যেখানে এক বেদুইনের সামনে খেজুর গাছের শীষ নবীজির নবুওয়াতের সাক্ষ্য প্রদান করে।
নূর নবীজি ﷺ-এর ডাকে সাড়া দিল শীষ-নবুওয়াতের বিস্ময়কর সাক্ষ্য
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একবার এক বেদুইন রাসূলে পাক সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে বলল,
“আমি কীভাবে জানব যে আপনি আল্লাহ পাকের রাসূল?”
নূর নবীজি সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর বৃক্ষের দিকে ইশারা করে বললেন,
“আমার আহ্বানে এই গাছের খেজুর শীষটি এসে যদি আমার রিসালাতের সাক্ষ্য দেয়?”
এরপর তিনি খেজুর শীষটিকে ডাকলেন। সঙ্গে সঙ্গে খেজুর শীষটি নূর নবীজি সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লামের সম্মুখে লুটে পড়ে তেনার রিসালাতের সাক্ষ্য প্রদান করল।
অতঃপর নূর নবীজি সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লাম খেজুর শীষটিকে স্বস্থানে ফিরে যেতে অনুমতি দিলে, খেজুর শীষটি স্বস্থানে প্রত্যাবর্তন করল। এই দৃশ্য দেখে সেই বেদুইন ইসলাম গ্রহণ করে ধন্য হলেন।
[সহিহ তিরমিজি, হাদিস নম্বর: ৩৬২৮]
পরিশেষে
এই মুজিযাটি আমাদের সামনে প্রমাণ করে যে, নূর নবীজি সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লাম আশি হাজার আলম এবং আঠার হাজার জাতের নবী, জড়বস্তুও যখন তেনার ডাকে সাড়া দিয়ে সাক্ষ্য প্রদান করে, তখন মানবজাতির জন্য এতে রয়েছে গভীর শিক্ষা-সত্যকে চিনে নেওয়া এবং তা গ্রহণ করা।
আল্লাহ তা‘আলা আমাদের সকলকে এই ধরনের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ঈমানকে দৃঢ় করার তাওফিক দান করুন। আমীন।










