মানুষ যতই পাপের অন্ধকারে ডুবে যাক না কেন, আল্লাহর রহমত সবসময় তার চেয়ে বড়। আল্লাহর বন্ধু- ওলী আল্লাহগণ সেই রহমতের দরজারই পথপ্রদর্শক। তেনাদের একটি কথা, একটি দৃষ্টি, একটি আধ্যাত্মিক পদ্ধতি মানুষের অন্তরকে বদলে দিতে পারে। নিচে এমনই এক শিক্ষণীয় ঘটনা তুলে ধরা হলো।
হৃদয়ের জাগরণ
একটা ছোট্ট গ্রামে এক যুবক বাস করত। তার জীবন ভরা ছিল দুনিয়ার মোহে- রাতভর আড্ডা, জুয়া, ঝগড়া আর মদখোরি। গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলত। কেউ কেউ বলত, “এই ছেলেটার আর হেদায়েত নেই।”
একদিন সেই গ্রামের খানকায় একজন আল্লাহর অলীর আগমন হলো। গ্রামের লোক খানকায় ভিড় জমাল, কিন্তু সেই যুবক দূর থেকে তাচ্ছিল্যভরা চোখে সব দেখছিল।
আল্লাহর অলী হঠাৎ তাকে ডাকলেন—
— “হে যুবক, একটু কাছে আসো।”
যুবক অবাক হয়ে বলল,
— “আমার মতো পাপীকে কেন ডাকছেন বাবা? আমি আপনার মতো নেককার মানুষের আসরে মানায় না।”
আল্লাহর অলী মৃদু হেসে বললেন,
— “বড় পাপী না হলে বড় মাফ কাকে দেওয়া হবে বলো? আল্লাহর দরজা তোমার জন্যও খোলা।”
এই কথা শুনে যুবকের বুক কেঁপে উঠল। সে বলল,
— “কিন্তু বাবা, আমি তো অনেক ভুল করেছি। আমার হাত রক্তে রঙিন, জিহ্বা মিথ্যায় ভরা। আমি কি বদলাতে পারব?”
আল্লাহর অলী তাঁর কাঁধে হাত রেখে বললেন,
— “সাগরে যত ময়লা-আবর্জনা ফেলা হোক, তার পানি কি কখনও শেষ হয়ে যায়? আল্লাহর রহমত তার থেকেও অসীম। শুধু একবার ফিরে আসতে হবে।”
যুবকের চোখে জল চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল,
— “বাবা, আমাকে শেখান কীভাবে আমি আল্লাহর পথে ফিরব।”
আল্লাহর অলী শান্ত কণ্ঠে উত্তর দিলেন,
— “চোখ বন্ধ করো। গভীর নিঃশ্বাস নাও। এখন আমার সঙ্গে তিনবার ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ পড়ো। প্রতিবার পড়ার পর কল্পনা করো- তোমার বুক থেকে একেকটি কালো অন্ধকার মুছে যাচ্ছে।”
যুবক ধীরে ধীরে পড়তে লাগল। প্রথমবার উচ্চারণে তার চোখ ভিজে উঠল, দ্বিতীয়বারে বুক হালকা হয়ে গেল, তৃতীয়বারে সে হঠাৎ কেঁদে ফেলল। মনে হলো বুক ভরে আলো নেমে আসছে।
আল্লাহর অলী তার মাথায় হাত রেখে বললেন—
— “এটাই তাওবার দরজা। প্রতিদিন কিছু সময় এভাবে জিকিরে ডুবে থাকো, দেখবে হৃদয় থেকে সব আঁধার কেটে যাবে।”
সেদিন থেকে যুবক বদলে গেল। গ্রামের মানুষ বিস্ময়ে বলল—
— “এ কি সেই যুবক? যে একদিন সবার চোখের কাঁটা ছিল, আজ সে সবার চোখের আলো।”
পরিশেষে
মানুষ যতই পথভ্রষ্ট হোক না কেন, যদি সে আন্তরিকভাবে ফিরে আসতে চায় তবে আল্লাহ তাকে হেদায়েতের আলো দান করেন। আর আল্লাহর অলীগণ সেই আলোর বাহক- তেনাদের শিক্ষা মানুষকে হতাশা থেকে আশায়, অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনে।










