দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
মানব জীবনের সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু অনিবার্য। এই দুনিয়া সাময়িক, আর শেষ পরিণতি মানুষকে নিয়ে যাবে অন্য এক জগতে। কিন্তু যা ভালো কাজ আমরা জীবদ্দশায় করি, তা আমাদের মৃত্যুর পরও আমাদের জন্য উপকার ও বরকত বয়ে আনতে পারে। ইসলামে এ ধরনের কাজকে ‘সালেহ আমল’ বা স্থায়ী পুণ্য হিসেবে বিবেচনা করা হয়।
মৃত্যুর পরও যে তিনটি কাজ আপনার জন্য উপকারে আসবে-
হজরত আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন,
দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“ইযা মা-তাল ইনসানু ইনকাত্বা আ’নহু আমালুহু ইল্লা মিন ছালাছাতিন: ছাদাকাতিন জারিয়াতিন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন ছোয়ালিহিন ইয়াদউ লাহু।” (মুসলিম শরীফ, হাদিস নং ১৬৩১)
অর্থ:
“যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়- তিনটি ছাড়া:
১. সাদকায়ে জারিয়া,
২. এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে,
৩. নেক সন্তান যে তার জন্য দোয়া করে।”
১. সাদকায়ে জারিয়া (মানুষ ও মানবতার কল্যাণে নিয়োজিত কাজ)
আপনার জীবদ্দশায় করা মানবকল্যাণমূলক কাজ যেমন- মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, রাস্তা, ব্রিজ, পুল, কালবাট, ইয়াতিমখানা, আশ্রম বা সামাজিক সাহায্যের কাজ। এই সকল কাজ মৃত্যুর পরও মানুষের উপকারে আসে এবং আল্লাহর নৈকট্য ও বরকত নিয়ে আসে।
২. এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে (ধর্মীয় ও জ্ঞানবিষয়ক পুস্তক প্রকাশ ও পাঠ)
ধর্মীয় পুস্তক পাঠের মাধ্যমে মানুষ আল্লাহ ও রাসুল সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে চিনতে ও জানতে পারে এবং সঠিক পথের দিশা পায়। পাশাপাশি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বই পড়ে মানুষ সঠিক ধারণা অর্জন করতে পারে এবং সেই জ্ঞান থেকে উপকৃত হয়। এই জ্ঞান ও শিক্ষা মানুষের জীবন আলোকিত করে এবং এমন কার্যক্রম মৃত্যুর পরও মানুষের জন্য উপকার বয়ে আনে।
৩. নেক সন্তান
এমন নেক সন্তান, যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পথে থাকে, তার বাবা-মায়ের মৃত্যুর পরও তার জন্য নিয়মিত দোয়া করে। এ দোয়ার বরকত, ফজিলত ও সওয়াব তার আমলনামায় যোগ হতে থাকে। বংশপরম্পরায় যদি নেক সন্তান থাকে, তবে কখনো সওয়াব বা প্রতিদান বন্ধ হয় না।
পরিশেষে:
নেক সন্তান, মানবকল্যাণমূলক কাজ ও জ্ঞানবর্ধক পুস্তক- এই তিনটি কাজ শুধু এই দুনিয়াতেই নয়, মৃত্যুর পরও আমাদের জন্য পুণ্য ও বরকত বয়ে আনে। তাই জীবদ্দশায় সচেতন থেকে এই ধরনের কাজের মাধ্যমে চিরস্থায়ী উপকার লাভ করা সম্ভব।










