দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
ইসলামের ইতিহাস অসংখ্য অলৌকিক ঘটনার মধ্য দিয়েও সমৃদ্ধ। ইসলামি ইতিহাসের পাতায় “জালালী কবুতর ও হযরত শাহপরাণ রহমাতুল্লাহি আলাইহি এর কারামত” যা কেবল কাহিনি নয়, বরং যুগের পর যুগ মানুষের বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিক জাগরণের উৎস হয়ে দাঁড়িয়ে আছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবং তেনার ভাগ্নে হযরত শাহপরাণ রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে শুধু ইসলাম নিয়ে আসেননি এনেছেন আদর্শ, সৌন্দর্য ও অলৌকিকতার নিদর্শন।
হযরত নিজামউদ্দীন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি এর পক্ষ থেকে কবুতর উপহার
হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ইয়ামন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বহু পথ অতিক্রম করে ভারতবর্ষে আগমন করেন। সিলেট আগমনের পূর্বে তিনি দিল্লীতে কয়েকদিন অবস্থান করেন এবং সেই সময় দিল্লীর বিখ্যাত অলী হযরত নিজামউদ্দীন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি এর মেহমান হন। দিল্লী ত্যাগ করার সময় হযরত নিজামউদ্দীন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি উপহারস্বরূপ এক জোড়া সুরমা রঙের কবুতর হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কে প্রদান করেন।
জালালী কবুতরের প্রতি মানুষের শ্রদ্ধা
হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কবুতর জোড়া সিলেটে আনার পর কবুতরগুলো অলৌকিকভাবে বংশবিস্তার করে। কালের পরিক্রমায় কবুতরগুলি “জালালী কবুতর” নামে পরিচিতি লাভ করে। সাধারণ মানুষের মনে বিশ্বাস জন্মে যে, এই কবুতরগুলো খাওয়া বা বধ করা নিষেধ, কারণ এগুলো অলিদের বরকতের প্রতীক। এমনকি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর সাহচর্যেও কেউ সাহস করেননি এদের স্পর্শ করতে।
হযরত শাহপরাণ রহমাতুল্লাহি আলাইহি এর কারামত
হযরত শাহপরাণ রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন একটি করে কবুতর জবাই করে আহার করতেন এবং প্রতিটি কবুতরের পালক যত্ন সহকারে সংরক্ষণ করতেন। একসময় কবুতরের সংখ্যা কমে গেলে, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বিষয়টি লক্ষ্য করে খাদেমদের জিজ্ঞাসা করেন। তাঁরা জানালে, তিনি হযরত শাহপরাণ রহমাতুল্লাহি আলাইহি-কে তলব করেন।
তখন শাহপরাণ রহমাতুল্লাহি আলাইহি মোরাকাবায় ছিলেন। ডাকে সাড়া দিয়ে তিনি উপস্থিত হলে, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, “যে কবুতর তৈরি করতে পারে না, তার কবুতর খাওয়ার অধিকার নেই।” তখন শাহপরাণ রহমাতুল্লাহি আলাইহি বললেন, “একটু অপেক্ষা করুন, আমি কবুতরগুলো ফেরত দিচ্ছি।”
তিনি তার হুজরার পাশে সংরক্ষিত পালকগুলো হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বললেন, “যাও, আল্লাহর হুকুমে তোমরা হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর দরবারে ফিরে যাও।” সাথে সাথে পালকগুলো জীবন্ত কবুতরে পরিণত হয়ে উড়ে যায়। ভাগ্নের এই বিস্ময়কর কারামত দেখে মামা ও প্রিয় মুর্শিদ হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত খুশি হন।
খাদিমনগরে হযরত শাহপরাণ রাহমাতুল্লাহি আলাইহি এর আধ্যাত্মিক আস্তানা
এই অলৌকিক ঘটনায় অভিভূত হয়ে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন- “এক বনে দুই বাঘ থাকতে পারে না”, এই কথা বলে তিনি তেনার লাঠি ছুড়ে দিয়ে বলেন, “যেখানে এই লাঠি গিয়ে পড়বে, সেখানেই হবে তোমার আস্তানা।” সেই লাঠি গিয়ে পড়ে খাদিমনগর এলাকায়। সেখানেই হযরত শাহপরাণ রাহমাতুল্লাহি আলাইহি নিজের আধ্যাত্মিক সাধনা ও ইসলাম প্রচারের কাজ শুরু করেন। পরবর্তীতে এখানেই নির্মিত হয় হযরত শাহপরাণ রাহমাতুল্লাহি আলাইহি এর পবিত্র মাজার শরীফ, যা আজও সম্মানিত ও পবিত্র স্থান হিসেবে সুপরিচিত।
পরিশেষে
জালালী কবুতর’-এর এই অলৌকিক ঘটনা যা আধ্যাত্মিক সম্পর্ক, আত্মশুদ্ধি ও অলিদের প্রতি সম্মান প্রদর্শনের এক দীপ্ত প্রতীক। হযরত শাহপরাণ রহমাতুল্লাহি আলাইহি-এর কারামত আজও মুমিন হৃদয়ে আলো জ্বালায়, বিশ্বাসকে দৃঢ় করে এবং আধ্যাত্মিক জগতের প্রতি গভীর আকর্ষণ সৃষ্টি করে।









