দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
নূর নবীজি সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লাম হলেন রহমত ও বরকতের এক অপার ভাণ্ডার। তেনার প্রতিটি দোয়া, প্রতিটি স্পর্শ এবং প্রতিটি আচরণে মুজিজা প্রকাশ পেত। সাহাবায়ে কেরাম রাদ্বিয়াল্লাহু আনহুম সেই নূরানী জীবনের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। তেমনই এক ঈমান জাগানিয়া ঘটনা বর্ণিত হয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর মাধ্যমে।
নূর নবীজি ﷺ-এর নূরানী স্পর্শে অফুরন্ত পানি
হযরত আনাস ইবনে মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন-
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, যখন আসরের নামাজের সময় উপস্থিত হলো। সবাই ওজুর জন্য পানি খুঁজতে লাগল, কিন্তু তারা তা পেল না।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লামের নিকট ওজুর জন্য কিছু পানি আনা হলো। নূর নবীজি সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লাম তেনার পবিত্র হাত মুবারক সেই পানির পাত্রে রাখলেন এবং সকলকে সেই পানি দিয়ে ওজু করার নির্দেশ দিলেন।
হযরত আনাস ইবনে মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন-
আমি দেখলাম, নবীজি সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র আঙুল মোবারকের নিচ থেকে পানি উথলে বের হচ্ছে। ফলে সবাই সেই পানি দিয়ে ওজু করতে লাগল, এমনকি শেষ ব্যক্তি পর্যন্ত সবাই ওজু সম্পন্ন করল।
[সূত্র: সহিহ বুখারি, হাদিস নং- ৩৫৭৩]
পরিশেষে:
যে নবীজি সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া সাল্লামের আঙুল মোবারক থেকে অফুরন্ত পানি ঝরে, তেনার সঙ্গে ইহজগতে, পরজগতে, আল্লাহর সৃষ্টিজগতে কারো সঙ্গে তুলনা হতে পারে না। তিনি সর্বতোভাবে অনন্য, অতুলনীয় ও তুলনাবিহীন।
আসুন, আমরা তেনার মহিমা হৃদয়ে ধারণ করি, তেনার প্রতি অগাধ ভালোবাসা লালন করি এবং তেনার দেখানো পথ অনুসরণ করেই দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের চেষ্টা করি।










