দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
কোরআনের শব্দগুলোর অর্থ, ব্যবহার ও গভীর তাৎপর্য সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা কোরআনের শব্দগুলোর মাধ্যমেই আমরা আল্লাহর বাণী বুঝতে চেষ্টা করি। কোরআনের আয়াতগুলোর অর্থ ব্যাখ্যা করার বিদ্যাকে ‘তাফসির’ বলা হয়।
দয়াল বাবা জালালী মাওলা বলেন-
“কোরআনের একটি শব্দের দুটি অর্থ রয়েছে- একটি হলো জাহেরি (বাহ্যিক) অর্থ, আর অন্যটি হলো বাতিনি (অন্তর্নিহিত) অর্থ।”
কোরআন কেবল পাঠের বিষয় নয়; এটি এমন এক ঐশী গ্রন্থ, যার প্রতিটি শব্দে লুকিয়ে আছে জ্ঞানের আলো, তাওহীদের রহস্য এবং অন্তরের আলো জ্বালানোর ইঙ্গিত।
আসুন জেনে নিই, দয়াল বাবা জালালী মাওলা এই দুটি অর্থ সম্পর্কে কী ব্যাখ্যা দিয়েছেন, এবং তেনার ব্যাখ্যার আলোকে কোরআনকে গভীরভাবে জানা ও বোঝার পথে নতুন করে যাত্রা শুরু করি।
কোরআনের জাহেরি ও বাতেনী অর্থের রহস্য
দয়াল বাবা জালালী মাওলা বলেন-
বর্তমানে ফাজিল ক্লাসে একটি তাফসীর পড়ানো হয়, যার নাম তাফসীরে জালালাইন। এটি দুইজন মিলে লিখেছেন।
- ইমাম জালালুদ্দিন মহল্লী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন ১৫ পারা।
- ইমাম জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন ১৫ পারা। এই তাফসীরটি মাদ্রাসায় পাঠ্য হিসেবে পড়ানো হয়।
ইমাম জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এককভাবে একটি তাফসীর লিখেছেন। বাংলাদেশ নয়, পৃথিবী বিক্রি করলেও তেনার এই তাফসীর পাওয়া যাবে না। তাফসীরের নাম হলো তাফসীরে দুররে মানসুর।
তিনি মোট ৫০০ কিতাব লিখেছেন এবং শিয়া গ্রন্থ থেকে দলিল নিয়ে একটি হাদিসের কিতাব রচনা করেছেন, যা আলেম ক্লাসে পড়ানো হয়। কিতাবটির নাম হলো মিশকাত।
এই মিশকাতের ব্যখ্যাগ্রন্থ যিনি লিখেছেন, তিনি জামানার মোজাদ্দেদ ছিলেন না, তবে আমাদের হানাফি মাজহাবের একজন ফকিহ ছিলেন।
- তিনি ১১ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন।
- তিনি ১৯ শত কিতাব এবং ৭ খানা তাফসীর রচনা করেছেন। তেনার নাম হলো- মোল্লা আলী ক্বারী রাহমাতুল্লাহি আলাইহি।
তিনি মিশকাতের ব্যখ্যাগ্রন্থ মিরকাত লিখেছেন। মিরকাতের খোদবার হাসিয়াতে তিনি উল্লেখ করেছেন-
“আল্লাহ পাকের কোরআনের একটি শব্দের দুটি অর্থ রয়েছে- একটি জাহেরি অর্থ, আর অন্যটি বাতেনী অর্থ।
যে মৌলভি জাহেরি অর্থ করবে কিন্তু বাতেনী অর্থকে বাদ দিবে, সে হলো ‘ফাসেকে মোরাকাব নায়েবে শয়তান’। তার কথায় মানুষ গোমরা হবে পথভ্রষ্ট হবে জাহান্নামি হবে।
আবার যে মৌলভি বাতেনী অর্থ করবে কিন্তু জাহেরি অর্থকে বাদ দিবে, সে-ও ‘ফাসেকে মোরাকাব নায়েবে শয়তান’। তার কথায় মানুষ গোমরা হবে পথভ্রষ্ট হবে জাহান্নামি হবে। ।”
আর যে আলেমে দীন একটি শব্দকে দুটি অর্থ করে চারটি তহকীক (ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইকতিজাউন নস) সহ জনসমুদ্রে তুলে ধরে, তিনি হলেন আল্লাহ পাকের হাবিবের নায়েব।
ঐ নায়েব সম্প্রদায় যদি কোনো গ্রাম, গলি, পাড়া বা মহল্লা দিয়ে যান, আল্লাহ ডাক দিয়ে বলেন-
“বন্ধু ও বন্ধু! (নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম) আপনার উম্মত নায়েবের মহাব্বতে আমি খোদা ৪০ দিনের জন্য আযাব ও গজব বন্ধ করে দিলাম।”
পরিশেষে
দয়াল বাবা জালালী মাওলা বলেন-
“আমি জ্ঞানী, গুণী ভাই-বাবাদের কাছে জানতে চাই- এখন আমাদের এলাকায় কয়েকশত আলেম আছে, কিন্তু গজব বন্ধ হয় কেন? আল্লাহ তো বলেন, ‘আলেম যে রাস্তায় যাবে, গজব বন্ধ হবে, রহমত ও বরকত হবে।’ আমি দেখছি, আলেম যে রাস্তায় যায়, গজব আরও বেড়ে যায়। উল্টা শুরু হয়ে গেছে। হাকিকতে, এখনও আমরা আলেমে দীন (নায়েবে নবী) হতে পারি নাই।”










