দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
পবিত্র ইসলামের ইতিহাসে হক ও বাতিল বা সত্য ও মিথ্যার পার্থক্য বোঝা ইমানের অন্যতম প্রধান দাবি। বর্তমান সময়ের ধর্মীয় অবক্ষয় ও বাস্তবতা আমাদের এমন এক মোড়ে দাঁড় করিয়েছে, যেখানে আমরা প্রায়ই সত্য ও মিথ্যার পার্থক্য করতে বিভ্রান্ত হয়ে পড়ি। আজ আমরা জানবো নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর প্রিয়তম মাওলা আলী আলাইহিস সালাম এর দৃষ্টিতে হক ও বাতিল চেনার সেই কালজয়ী হাকিকত। কিভাবে একজন প্রকৃত ঈমানদার মিথ্যার আস্ফালনের মাঝেও ধ্রুব সত্যকে চিনে নিতে পারে, তার এক আধ্যাত্মিক গাইডলাইন আজ আমরা মাওলা আলীর অমর দর্শনে তালাশ করব।
ব্যক্তিত্ব দিয়ে নয়, সত্য দিয়ে ব্যক্তিকে চিনুন
মাওলা আলী আলাইহিস সালাম এক কালজয়ী আধ্যাত্মিক মূলমন্ত্র শিখিয়েছেন। তেনি বলেন- “তুমি ব্যক্তিত্ব দেখে সত্যকে বিচার করো না, বরং সত্য দিয়ে ব্যক্তিকে চিনে নাও” (নাহজুল বালাগা)। আমাদের সমাজে আজ সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা বড় বড় পদবী বা নামডাক দেখে মানুষকে অনুসরণ করি। কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম এর দৃষ্টিতে হক ও বাতিল চেনার মানদণ্ড হলো সত্য নিজেই। সত্য সূর্যের মতো উজ্জ্বল, তকে চিনে নিতে পারলে মিথ্যার অন্ধকার আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না।
হক ও বাতিলের দূরত্ব: চার আঙুলের ব্যবধান
মাওলা আলী আলাইহিস সালামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল- হক ও বাতিলের মধ্যে দূরত্ব কতটুকু? তিনি তেনার হাতের চার আঙুল নিজের চোখ ও কানের মাঝখানে রেখে বললেন-“এই চার আঙুলই হলো হক ও বাতিলের দূরত্ব”। অর্থাৎ, যা তুমি নিজের চোখে চাক্ষুষ দেখেছো তা হলো হক (সত্য), আর যা তুমি মানুষের মুখে শুনেছো তা বাতিল (মিথ্যা) হওয়ার সম্ভাবনা রাখে। বর্তমানের গুজব ও অবক্ষয়ের যুগে এই নসিহতটি আমাদের ঈমান রক্ষার এক অনন্য ঢাল।
বাতিলের আস্ফালন ও হকের নীরব বিজয়
মাওলা আলী আলাইহিস সালাম শিখিয়েছেন যে, বাতিল বা মিথ্যা সব সময় অনেক চিৎকার করে এবং বাহ্যিক চাকচিক্য নিয়ে হাজির হয়, কিন্তু এর কোনো স্থায়িত্ব নেই। পক্ষান্তরে, হক বা সত্য অনেক সময় নীরব থাকলেও তার বিজয় অনিবার্য। আপনার কলব যদি আল্লাহর প্রেমে জিন্দা থাকে, তবে আপনি বাতিলের ভিড়েও সত্যের নূর চিনে নিতে পারবেন। এটিই হলো মাওলা আলী আলাইহিস সালাম-এর সেই জ্যান্ত আধ্যাত্মিক মানদণ্ড যা কিয়ামত পর্যন্ত সত্যপিয়াসী মানুষের হৃদয়কে পথ দেখাবে।
উপসংহার: আত্মার শান্তি হকের পথে
পরিশেষে বলা যায়, আমাদের কলবকে জিন্দা করতে হলে মাওলা আলী আলাইহিস সালাম-এর এই আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করা জরুরি। মাওলা আলী আলাইহিস সালাম এর দৃষ্টিতে হক ও বাতিল বুঝতে পারা মানেই হলো অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসা। আল্লাহ আমাদের সবাইকে বাতিলের জাল ছিঁড়ে হকের ঝাণ্ডাতলে আশ্রয় দান করুন। আমীন।







