দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
“বিনা দলীলে আল্লাহ এক-ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এর সাথে শয়তানের বাহাস।” আমরা আজ এই গভীর ও তাৎপর্যপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। কারণ ইসলামি জ্ঞানচর্চা ও চিন্তাধারার ইতিহাসে যেসব মনীষীরা যুগান্তকারী অবদান রেখে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। তিনি শুধু একজন পণ্ডিত নন, বরং ছিলেন দার্শনিক, তাফসিরকার, যুক্তিবিদ এবং আধ্যাত্মিক সাধক-যেনার চিন্তাভাবনার গভীরতা ও প্রজ্ঞা আজও মুসলিম উম্মাহকে আলোকিত করে যাচ্ছে। তেনার রচিত ‘তাফসিরে কাবির’ কুরআন ব্যাখ্যার এক অনন্য নিদর্শন, যেখানে শুধুমাত্র আয়াতের তাৎপর্য নয়, বরং দর্শন, যুক্তি, কলাম ও আধ্যাত্মিকতা এক অভূতপূর্বভাবে সংমিশ্রিত হয়েছে।
ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি প্রস্তুত করে রেখে ছিলেন এক হাজার যুক্তিপূর্ণ দলিল, যাতে শয়তান মৃত্যুর সময় বিভ্রান্ত করতে না পারে। কিন্তু শয়তান তেনার সব দলিল খণ্ডন করে ফেলেন। তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এর পীর ও মুর্শিদ, হযরত নাজিমুদ্দীন কুবরা রহমাতুল্লাহি আলাইহি এর সাহায্যে কীভাবে রক্ষা পেলেন, আসুন সেই ঘটনা জানি।
যুক্তি, দর্শন ও কুরআন ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এর বিশেষ অবদান
ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন এমন একজন আলেম, যিনি ইসলামি চিন্তাধারাকে যুক্তির শক্তিতে সমৃদ্ধ করেছেন। তেনার বিখ্যাত কৃতিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘তাফসিরে কাবির’, যা শুধু একটি তাফসিরগ্রন্থ নয়, বরং জ্ঞানের এক মহাসমুদ্র। তিনি কুরআনের আয়াত ব্যাখ্যার পাশাপাশি যুক্তি, তাত্ত্বিক আলোচনা, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ও ধর্মতাত্ত্বিক বিতর্ক এমনভাবে উপস্থাপন করেছেন, যা ইসলামী দর্শনের এক বিশাল ভিত্তি রচনা করে। মুসলিম বিশ্বের বহু প্রজন্মের আলেম তেনার লেখাকে ভিত্তি করে জ্ঞানচর্চা, যুক্তিতর্ক ও আকিদা নির্মাণে অগ্রসর হয়েছেন।
শয়তানের মুখোমুখি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি
ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি জানতেন- শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু, বিশেষত মৃত্যুর সময় সে সর্বোচ্চ চেষ্টা করে মানুষকে ঈমানচ্যুত করতে। তাই শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পেতে তিনি মৃত্যুর আগেই প্রস্তুত রেখেছিলেন এক হাজার যুক্তিপূর্ণ দলিল, যাতে মৃত্যুর সময় শয়তান যদি তেনাকে বিভ্রান্ত করতে চায়, তিনি দলিল দিয়ে একে একে তার মোকাবিলা করতে পারবেন।
সেই আশঙ্কাই বাস্তবে রূপ নেয়। মৃত্যুর কাছাকাছি সময়ে শয়তান এসে তেনাকে বললো- “আল্লাহ এক নন!” ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে তাঁর কথা অস্বীকার করে দলিলসমূহ উপস্থাপন করতে শুরু করেন। উভয়ের মধ্যে বাহাস শুরু হলো। ইমাম যতই দলিল পেশ করতে লাগলেন, শয়তান অত্যন্ত চতুরভাবে একের পর এক যুক্তি খণ্ডন করতে লাগলেন। এক সময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির সমস্ত দলিল শেষ হয়ে যায়। তখন তেনার হৃদয়ে গভীর আশঙ্কা জন্ম নেয়- “আমি যদি এই মুহূর্তে ঈমান হারিয়ে ফেলি?”
প্রিয় মুর্শিদের কারণে বেঁচে গেলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি
কঠিন মুহূর্তে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি স্মরণ করলেন তেনার পথপ্রদর্শক, পীর ও মুর্শিদ হযরত নাজিমুদ্দীন কুবরা রহমাতুল্লাহি আলাইহি-কে। ঠিক সেই মুহূর্তে হযরত নাজিমুদ্দীন কুবরা রহমাতুল্লাহি আলাইহি যোহরের নামাজের ওযু করছিলেন। তিনি আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দ্বারা বুঝতে পারলেন- তেনার মুরিদ ভয়ংকর বিপদে পড়েছে। তিনি ওজুর পানি ছিটিয়ে বললেন, “হে ফখরুদ্দিন! ইবলীসকে বলো- বিনা দলীলেই আমি বিশ্বাস করি, আল্লাহ এক ও অদ্বিতীয়।”
অলৌকিকভাবে সেই ওজুর পানি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এর চেহারায় এসে পড়ে এবং প্রিয় মুর্শিদের কণ্ঠস্বর তেনার কানে পৌঁছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, “হে শয়তান! আমি বিনা দলীলেই বিশ্বাস করি- আমার আল্লাহ একজন ও অদ্বিতীয়।” শয়তান হেরে গিয়ে হেসে বলে উঠলো, “হে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, আজ আপনি আপনার পীর হযরত নাজিমুদ্দীন কুবরা রহমাতুল্লাহি আলাইহি এর কারণে বেঁচে গেলেন। তা না হলে আমি আপনাকে ঈমানহারা করেই ছাড়তাম।”
অন্যদিকে, হযরত নাজিমুদ্দীন কুবরা রহমাতুল্লাহি আলাইহি এর খাদেম জিজ্ঞেস করলেন, “বাবা, আজ বহুদিন আপনার খিদমতে আছি, সবসময় এক বদনা পানি দিয়েই আপনার ওযু সম্পন্ন হতে দেখেছি। কিন্তু আজ তার ব্যতিক্রম দেখলাম।” জবাবে হযরত নাজিমুদ্দীন কুবরা রহমাতুল্লাহি আলাইহি বললেন, “আমি দেখছিলাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ইবলীসের সাথে বাহাসে পরাজয়ের পথে। ঈমানহারা হওয়ার উপক্রম হয়েছে, ঈমান রক্ষায় তার রুহানি সাহায্য দরকার ছিল- তাই এমন করলাম।”
পরিশেষে
ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির জীবনের এই অলৌকিক অধ্যায় আমাদের শিক্ষা দেয়- জ্ঞানের গুরুত্ব অপরিসীম, যুক্তিও অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু পীরের সাথে আত্মিক সংযোগ ছাড়া ঈমান রক্ষা অসম্ভব। সত্যিকারের ওলিদের সান্নিধ্য একজন মুমিনের সবচেয়ে বড় রক্ষাকবচ। যুক্তি যখন থেমে যায়, তখন হৃদয়ের ঈমানই কথা বলে।









