দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
আত্মজ্ঞান ছাড়া কোনো ইবাদতই পূর্ণতা পায় না। বাহ্যিক চেহারা বা আড়ম্বর দিয়ে নয়, একজন মানুষের প্রকৃত পরিচয় লুকিয়ে থাকে অন্তরের গভীরে। এক দরবেশ ও যুবকের হৃদয়ছোঁয়া কথোপকথন আমাদের স্মরণ করিয়ে দেয়- যতক্ষণ না অন্তরের আয়না স্বচ্ছ হয়, ততক্ষণ সত্যিকারে আল্লাহর সন্ধান অসম্ভব। আত্মপরিচয়ই হলো ঈমানের মূল ভিত্তি। আসুন, জানি সেই আলোজাগানিয়া গল্পটি, যেখানে একজন দরবেশ একজন শিক্ষিত যুবককে শেখান- নিজেকে চেনা মানেই রবের সন্ধান পাওয়া।
আসুন জানি সেই গল্পটি, যেখানে এক দরবেশ যুবককে শেখান কিভাবে নিজেকে সত্যিকার অর্থে চেনা যায়। বাহ্যিক চেহারা নয়, অন্তরের স্বচ্ছতা মাধ্যমে পাওয়া যায় প্রকৃত পরিচয়ের মানদণ্ড।
নিজেকে জানো, তাহলেই রবকে চিনবে
একটি গ্রামে বাস করতেন এক দরবেশ। তেনার ছোট্ট মাটির ঘরের বাইরে, দেয়ালে ঝোলানো ছিল একটি পুরনো আয়না- ধুলোমলিন, ঝাপসা, যেন আর কোনো কাজেই আসে না।
তবুও, প্রতিদিন সকালে গ্রামের মানুষ দেখত- দরবেশ অত্যন্ত যত্ন করে সেই আয়নাটার ধুলো মুছছেন।
কেউ কখনও জিজ্ঞেস করত না কেন। শুধু কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকত।
একদিন, ঐ গ্রামের এক শিক্ষিত যুবক, যার চোখে আধুনিক শিক্ষার ঝলক ও কথায় যুক্তির অহংকার- এই দৃশ্য দেখে আর নিজেকে সংবরণ করতে পারল না।
সে এগিয়ে এসে বলল,
“মাফ করবেন হুজুর, এই আয়নাটা তো একেবারে পুরনো আর ধুলোময়! এতে কিছুই দেখা যায় না। তবুও আপনি প্রতিদিন এত মনোযোগ দিয়ে এটি পরিষ্কার করেন কেন?”
দরবেশ মুচকি হাসলেন। বললেন,
“আমি আয়নাটা মুছি না… আমি নিজেকেই মুছি।”
যুবক কিছুটা বিস্ময়ে বলল,
“কিন্তু এতে তো আপনার মুখও ঠিকমতো দেখা যায় না!”
দরবেশ শান্ত স্বরে বললেন,
“সেই কারণেই তো মুছি।
যখন মানুষ নিজের আসল মুখ দেখতে পায় না, তখন তার উচিত নিজেকে খুঁজে বের করার চেষ্টা করা।”
যুবক থমকে গেল। বলল,
“আপনার কথার অর্থ বুঝতে পারছি না।”
দরবেশ ধীরে সামনে এগিয়ে এলেন। বললেন,
“যতক্ষণ না অন্তরের আয়না পরিষ্কার হয়, ততক্ষণ ইবাদত, নেকি- সবই বাহ্যিক প্রদর্শন।
আল্লাহ ধরা দেন তখনই, যখন হৃদয় হয়ে ওঠে নির্মল ও স্বচ্ছ।”
যুবক আয়নার সামনে দাঁড়াল। ধুলোমাখা আয়নায় নিজের একটি অস্পষ্ট প্রতিচ্ছবি দেখতে পেল।
সে চুপচাপ তাকিয়ে রইল। যেন নিজের মুখটা চিনে উঠতে পারছিল না।
চোখে-মুখে জমল এক নতুন ভাবনা। সে নিজের মনেই বলল-
“আমি তো অনেক কিছু শিখেছি, বহু কিছু জেনেছি।
বহু কিতাব পড়েছি, পরীক্ষা দিয়েছি…
কিন্তু আজ পর্যন্ত কি কখনও নিজেকে চিনেছি?”
দরবেশ বললেন,
“যা চোখে দেখা যায় না, অনেক সময় সেটাই সবচেয়ে সত্য।
এই আয়নার ধুলো নয়- তোমার অন্তর আবরণে ঢাকা।
তুমি সারা দুনিয়ার খবর জানো, অথচ নিজের খবর রাখো না- সেখান থেকেই ভুল শুরু হয়।”
যুবক আবার প্রশ্ন করল,
“তাহলে আমি কীভাবে আমার অন্তরের আয়নাটা পরিষ্কার করব?”
দরবেশ বললেন,
“তিনটি জিনিস চাই-
১. স্মরণ (যিকর),
২. কোমল হৃদয়,
৩. এবং নিঃস্ব অন্তর।
যখন অহংকার ঝরে যাবে, হৃদয় কোমল হবে, তখন তোমার ভেতরেই জ্বলে উঠবে আধ্যাত্মিক আলোর আলো। তুমি নিজেকে চিনতে পারবে- আর সেই স্বচ্ছ নিজস্ব চেহারার মধ্যেই আল্লাহর অস্তিত্ব অনুভব করবে।”
যুবকের চোখে এক নতুন আলোর ঝিলিক ফুটে উঠল। সে আবার জিজ্ঞেস করল,
“তখন কি আমি আল্লাহকে দেখতে পারব?”
দরবেশ হেসে বললেন,
“তখন তুমি প্রকৃত ‘তোমাকে’ দেখতে পাবে।
আর সেই সত্যিকারের ‘তুমি’-র ভেতরেই ধরা দেবে রবের ছায়া।”
যুবক আর কিছু বলল না।
চুপচাপ দাঁড়িয়ে রইল আয়নার সামনে।
তার চোখে ফুটে উঠল উপলব্ধির এক নতুন আলো।
সেদিন থেকে সে আর বাহ্যিক আয়নাটাকে নয়- নিজের অন্তরের আয়নাটাকেই মুছতে শুরু করল।
বাহিরে কিছু বদলাল না,
কিন্তু ভিতরে- জ্বলে উঠল এক আলোকবর্তিকা।
পরিশেষে
জীবনের সবচেয়ে গভীর ও জরুরি প্রশ্ন- “আমি কি নিজেকে চিনেছি?”
এই চিন্তাই মানুষকে সত্যের পথে নিয়ে যায়। অন্তরের আয়না স্বচ্ছ হলে, মানুষ নিজের মধ্যেই খুঁজে পায় রব-কে।
এই গল্প আমাদের একটাই আহ্বান জানায়-
“নিজেকে জানো- তাহলেই রবকে চিনবে।










