দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
ইসলামিক দর্শনে ইবাদত হলো স্রষ্টা ও সৃষ্টির মাঝখানে এক অতি গোপন ও পবিত্র প্রেমময় সেতুবন্ধন। কিন্তু বর্তমান যুগে আমরা এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছি যেখানে ইবাদত আর ব্যক্তিগত আধ্যাত্মিকতা নয়, বরং এক ধরণের সামাজিক প্রদর্শনীতে পরিণত হয়েছে। ইবাদতে প্রদর্শনবাদ ও আধ্যাত্মিক মৃত্যু আজ আমাদের কলবকে চাক্ষুষ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। লোকদেখানো আমল বা ‘রিয়া’ কীভাবে আমাদের ঈমানকে কুরে কুরে খাচ্ছে, তার এক গভীর আধ্যাত্মিক বিশ্লেষণ আজ আমরা জানবো।
ইবাদতে প্রদর্শনবাদ: লোকদেখানো আমল ও আধ্যাত্মিক দেউলিয়াপনা
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন- “সুতরাং সেই নামাজীদের জন্য ধ্বংস, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন এবং যারা লোকদেখানো ইবাদত করে” (সূরা-মাউন: ৪-৬)। নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই প্রদর্শনবাদ বা রিয়ার ভয়াবহতা সম্পর্কে আমাদের বিশেষভাবে সতর্ক করেছেন।
হাদিস শরিফে তিনি এই প্রদর্শনবাদকে একটি অত্যন্ত সূক্ষ্ম ও গোপন আধ্যাত্মিক ব্যাধি হিসেবে উল্লেখ করেছেন। মুসনাদে আহমাদ (হাদিস নং- ২৩৬৩০) এ বর্ণিত হয়েছে, নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- “আমি তোমাদের ওপর যে জিনিসটি সবচেয়ে বেশি ভয় করি তা হলো রিয়া বা লোকদেখানো আমল।” আবার সুনানে ইবনে মাজাহ (হাদিস নং- ৪২০৪) এ নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন- আমি কি তোমাদের এমন এক বিষয়ের কথা বলব না, যা আমার কাছে তোমাদের জন্য দাজ্জালের ফেতনার চেয়েও বেশি ভয়ের?” আমরা বললাম, “অবশ্যই!” তিনি বললেন, “তা হলো ‘শিরকে খাফি’ বা গোপন শিরক (রিয়া/প্রদর্শনবাদ); আর তা হলো- যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় এবং নিজের নামাজকে অনেক সুন্দর করে পড়ে যখন সে দেখে যে কোনো ব্যক্তি তার দিকে তাকিয়ে আছে।
ইবাদতে প্রদর্শনবাদ ও আধ্যাত্মিক মৃত্যু আসলে একে অপরের পরিপূরক। যখন আমাদের ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের প্রশংসা বা সোশ্যাল মিডিয়ার ‘লাইক’ পাওয়ার মোহে আটকে যায়, তখন সেই ইবাদত আর রূহার্নী থাকে না। তা তখন কেবল একটি প্রাণহীন যান্ত্রিক কসরতে পরিণত হয় এবং আত্মাকে আধ্যাত্মিক দেউলিয়াপনার দিকে ঠেলে দেয়।
মাওলানা রুমির শিক্ষা: নামধারী ইবাদত বনাম প্রেমের হাকিকত
মাওলানা জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তাঁর মসনবী শরীফে শিখিয়েছেন- যে ব্যক্তি কেবল মানুষের চোখে ভালো সাজার জন্য ইবাদত করে, সে যেন এমন এক তোতাপাখি যে কেবল বুলি আওড়ায় কিন্তু তার মর্ম বোঝে না। ইবাদতে প্রদর্শনবাদ ও আধ্যাত্মিক মৃত্যু থেকে বাঁচতে হলে আমাদের নফসকে দমানো ফরজ। মাওলানা জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার আমল যদি মানুষের সস্তাশ্রেষ্ঠত্বের নেশায় বন্দি থাকে, তবে তোমার আত্মা কখনো আল্লাহর নূরের স্বাদ পাবে না। ইবাদতের আসল হাকিকত হলো ইখলাস বা একনিষ্ঠতা, যা ছাড়া কোনো নেক আমলই আল্লাহর দরবারে কবুল হয় না।
বর্তমান বাস্তবতা: সেলফি-ইবাদত ও ইমানের আধুনিক সংকট
ধর্মীয় অবক্ষয় ও বাস্তবতা আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, আমরা দান করার চেয়ে দাতার ছবি তুলতে বেশি আগ্রহী, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তওয়াফ করার চেয়ে ফেসবুকে চেক-ইন দিতে বেশি ব্যতিব্যস্ত। এই ‘প্রদর্শনবাদ’ আমাদের আত্মাকে ভিতর থেকে মৃত করে দিচ্ছে। ইবাদতে প্রদর্শনবাদ ও আধ্যাত্মিক মৃত্যু রোধে আমাদের ওলী-আউলিয়াদের পথে ফিরতে হবে। তেনারা ইবাদতকে এতটাই গোপন রাখেন যেন ডান হাত দিয়ে দান করলে বাম হাতও যেন জানতে না পারে।
উপসংহার: ইখলাসের নূরে কলব জিন্দা করার আহ্বান
পরিশেষে বলা যায়, আমাদের কলবকে জিন্দা করতে হলে লৌকিকতার চশমা খুলে আল্লাহর মহব্বতে ডুব দিতে হবে। ইবাদতে প্রদর্শনবাদ ও আধ্যাত্মিক মৃত্যু থেকে বাঁচতে হলে আমাদের প্রতিটি কাজের নিয়ত হতে হবে একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ আমাদের সবাইকে রিয়া বা লোকদেখানো আমল থেকে রক্ষা করুন এবং ইখলাসের সাথে একনিষ্ঠ ইবাদত করার তৌফিক দান করুন। আমীন।










