দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
তাসাউউফ বা সুফি দর্শনের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র মাওলানা জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি। তাঁর অমর সৃষ্টি ‘মসনবী শরীফ’ কেবল একগুচ্ছ কাহিনী নয়, বরং একে আধ্যাত্মিক জ্ঞানের এক অতল সমুদ্র বলা হয়, যা বিশ্বজুড়ে ঈমানদারদের হৃদয়ে খোদার প্রেমের বাতি জ্বেলে দেয়। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহির প্রতিটি কিচ্ছার আড়ালে লুকিয়ে থাকে গভীর রূহার্নী শিক্ষা ও নফস দমনের জাদুকরী কৌশল।
আজ আমরা জানবো মসনবী শরীফের সেই বিখ্যাত বণিক ও তোতাপাখির গল্প যা মূলত মানুষের আত্মার বন্দিদশা এবং তা থেকে মুক্তির এক অনন্য রূপক। এই কাহিনীটি আমাদের শেখায় কীভাবে জাগতিক মায়ার খাঁচা ও আমিত্বের দেয়াল ভেঙে আত্মার পরম স্বাধীনতা লাভ করা যায়। এই গল্পের মূল দর্শনটি নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর পাক জবানের বাণী-“মরার আগে মরো” এর ওপর প্রতিষ্ঠিত, যেখানে নফস বা অহংকার বিসর্জনের মাধ্যমেই স্রষ্টার সাথে মিলনের প্রকৃত পথ উন্মোচিত হয়।
আসুন, আমরা এই আধ্যাত্মিক সফরের গভীরে প্রবেশ করি এবং খুঁজে বের করি কীভাবে একটি তোতাপাখির নীরব অভিনয় আমাদের জীবনের প্রকৃত গন্তব্যের দিশা দিয়ে যায়।
বণিকের ভারত যাত্রা ও তোতাপাখির সেই গোপন বার্তা
একদা এক ধনী ব্যবসায়ী ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার একটি খুব প্রিয় ও সুকণ্ঠী তোতাপাখি ছিল। ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলেন, “আমি তো হিন্দুস্তানে যাচ্ছি, তোমার স্বজাতিদের কাছে কোনো বার্তা পাঠানোর আছে কি?” তোতাপাখিটি তখন তার বনের বন্ধুদের জন্য একটি বার্তা দিল- তৈরি হলো এক অদ্ভুত রূহার্নী সংযোগ। সে বলল, “তাদেরকে বলো, আমি এখানে খাঁচায় বন্দি আর তোমরা বনে গান গেয়ে বেড়াচ্ছ। আমার মুক্তির কি কোনো পথ নেই?”
বুনো তোতাপাখির সেই অলৌকিক অভিনয়
ব্যবসায়ী ভারতে পৌঁছে বনের একদল তোতাপাখিকে তাঁর পোষা পাখির বার্তা শোনালেন। কিন্তু বার্তাটি শোনামাত্রই একটি তোতা কাঁপতে কাঁপতে গাছ থেকে মাটিতে পড়ে নিথর হয়ে রইল। ব্যবসায়ী এই দৃশ্য দেখে অত্যন্ত ব্যথিত হলেন এবং ভাবলেন তাঁর বার্তার কারণেই পাখিটি মারা গেছে। তিনি নিজের দেশে ফিরে এলেন কিন্তু প্রিয় তোতার কাছে এই ঘটনা বলতে চাইলেন না।
খাঁচা থেকে মুক্তির সেই মস্ত বড় আধ্যাত্মিক রহস্য
তোতাপাখির বারংবার অনুরোধে ব্যবসায়ী সবশেষে ভারত সফরের সেই করুণ ঘটনাটি শোনালেন। ঘটনাটি শোনামাত্রই খাঁচার পোষা তোতাপাখিটিও কাঁপতে কাঁপতে নিথর হয়ে খাঁচার নিচে পড়ে গেল। ব্যবসায়ী তাকে মৃত ভেবে আফসোস করে খাঁচার বাইরে ফেলে দিলেন। ঠিক সেই মুহূর্তে পাখিটি জ্যান্ত হয়ে ডানা মেলে বাগানের একটি উঁচু ডালে গিয়ে বসল। তোতাটি তখন ব্যবসায়ীকে বুঝিয়ে বলল যে, ভারতে থাকা সেই পাখিটি আসলে মারা যায়নি; বরং সে আমাকে নীরব ভাষায় শিখিয়ে দিয়েছিলেন যে “নিজের অহংকার ও আমিত্ব বিসর্জন দিয়ে মরার আগে মরে গেলেই প্রকৃত মুক্তি মেলে।”
উপসংহার: আত্মার মুক্তি ও নফস দমনের শিক্ষা
মাওলানা জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির এই কালজয়ী কিচ্ছা আমাদের নফস বা কুপ্রবৃত্তির খাঁচা থেকে মুক্ত হওয়ার শিক্ষা দেয়। নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিস- “মরার আগে মরো” হলো এই গল্পের মূল হাকিকত। অর্থাৎ, নিজের অহংকার বিসর্জন দিলে তবেই আত্মা প্রকৃত আধ্যাত্মিক স্বাধীনতা লাভ করে এবং স্রষ্টার সান্নিধ্য পায়।










